
রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
বর্তমানে ভারত ও ব্রাজিলের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ আছে। ‘গ্রাহাম-ব্লুমেন্টাল নিষেধাজ্ঞা বিল’ নামে পরিচিত এই বিলটি পাস হলে, রাশিয়ান তেল বা ইউরেনিয়াম কিনে মস্কোর যুদ্ধ সক্ষমতা বাড়ানো দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে যাবে।
গ্রাহাম জানান, বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে বিলটি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রেসিডেন্ট এতে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, “ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, কিন্তু পুতিন শুধু কথাই বলছেন। রাশিয়ার হামলায় এখনও নিরপরাধ মানুষ মারা যাচ্ছে।”
গ্রাহামের দাবি, আগামী সপ্তাহেই বিলটির ওপর কংগ্রেসে ভোটগ্রহণ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, বিলটি প্রথমে প্রতিনিধি পরিষদে এবং পরে সিনেটে পাস হতে হবে। দুই কক্ষে অনুমোদনের পর প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমেই এটি আইনে পরিণত হবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















