
মিরপুর রোডে গ্যাসের একটি ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় রাজধানীর একাংশে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে। শনিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের বার্তায় জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে অবস্থিত ৪ ইঞ্চি ব্যাসের একটি গ্যাস ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়। লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়েছে। এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
কর্তৃপক্ষ জানায়, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ঢাকা মহানগরীতে গত কয়েকদিন ধরেই গ্যাসের স্বল্পচাপ সমস্যা চলমান রয়েছে। এতে বাসাবাড়ির রান্না, হোটেল-রেস্তোরাঁ ও শিল্পকারখানায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এর মধ্যেই নতুন করে মিরপুর রোডের এই লিকেজ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদের তলদেশে অবস্থিত একটি বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতকালে পাইপের ভেতরে পানি প্রবেশ করে। পাশাপাশি সার্বিকভাবে ঢাকায় গ্যাস সরবরাহ কম থাকায় রাজধানীজুড়ে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















