
নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত তারেক রহমান আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে দল পরিচালনায় তিনি যেন সফল হতে পারেন, সে জন্য সবাই দোয়া করেছেন।
তিনি আরও জানান, আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন। সফরের অংশ হিসেবে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত, পাশাপাশি কিছু পারিবারিক দায়িত্ব পালনের কথা ছিল। তবে নির্বাচন কমিশনারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সফর আপাতত স্থগিত করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, এরই অংশ হিসেবে সম্প্রতি ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, সম্প্রতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















