
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশ কখনোই ‘নাশকদের’ সামনে পিছপা হবে না। শুক্রবার দেওয়া এক ভাষণে তিনি সাম্প্রতিক বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করার অভিযোগ আনেন এবং সতর্ক করে বলেন, তেহরান কখনোই ‘বিদেশিদের ভাড়াটে’ হিসেবে কাজ করা গোষ্ঠীগুলোকে সহ্য করবে না।
খামেনি বলেন, ইরান এমন কোনো শক্তির কাছে নতি স্বীকার করবে না যারা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তিনি বিক্ষোভকারীদের ‘নাশক’ আখ্যা দিয়ে দাবি করেন, তারা বিদেশি শক্তির স্বার্থ রক্ষায় কাজ করছে এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
সর্বোচ্চ নেতার এই বক্তব্য আসে এমন এক সময়, যখন প্রায় দুই সপ্তাহের মধ্যে দেশজুড়ে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওই বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষ অংশ নেয় এবং বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া যায়।
বিশ্লেষকদের মতে, খামেনির এই কঠোর ভাষণ ইরানি সরকারের অবস্থান আরও দৃঢ় করার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এটি বিক্ষোভ দমনে কঠোর নিরাপত্তা ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও জানান দিচ্ছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ইরানের অভ্যন্তরীণ এই উত্তেজনা শুধু দেশটির রাজনীতিতেই নয়, বরং মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















