
সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোতে ভয়াবহ সংঘর্ষে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে কয়েকদিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, এই সংঘর্ষ গত বছর ইসলামপন্থী কর্তৃপক্ষ ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সংঘর্ষের ফলে আলেপ্পোর বিভিন্ন এলাকা কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার থেকে সিরিয়ার সেনাবাহিনী মার্কিন-সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)–এর বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছিল। উভয় পক্ষের মধ্যে ভারী অস্ত্র ব্যবহারের খবর পাওয়া গেছে, যার ফলে বেসামরিক হতাহতের ঝুঁকি আরও বেড়ে যায়।
সংঘর্ষের কারণে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে আলেপ্পো ও আশপাশের এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মানবিক সংকট আরও গভীর হতে পারে।
যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানালেও বিশ্লেষকদের মতে, আলেপ্পোসহ উত্তর সিরিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে রাজনৈতিক সমাধান ছাড়া টেকসই স্থিতিশীলতা সম্ভব নয়।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















