
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা–১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের পক্ষে দায়ের করা আপিল আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। তিনি জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে এবং রোববার চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অন্যদিকে ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।
মামলার নথি অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয় এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।
রিট আবেদনে বলা হয়, ড. এম এ কাইয়ুম মনোনয়নপত্র দাখিলের সময় তার নাগরিকত্বসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উপস্থাপন করেননি এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তার প্রার্থিতা আইনসম্মত নয় দাবি করে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।
উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ঢাকা–১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের দ্বারস্থ হওয়ায় বিষয়টি নতুন করে বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা–১১ আসনের রাজনৈতিক পরিস্থিতি আরও আলোচনায় এসেছে। এখন আপিল বিভাগের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও ভোটাররা।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















