
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ। তিনি বলেন, জনগণের কাছ থেকে দীর্ঘদিন ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তবে বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে সেই অধিকার আবার ফিরে এসেছে। কোনোভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না।
গতকাল রাতে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচন মানে কেবল একটি ভোট দেওয়া নয়; নির্বাচন মানে নিজের মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার প্রয়োগ করা। তিনি দাবি করেন, গত ১৬ বছরে দেশে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো ছিল তথাকথিত নির্বাচন, যেখানে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার মানুষ নির্ভয়ে নিজের মত প্রকাশ করতে পারবে।
তিনি বলেন, এই সুযোগ তৈরি করতে গিয়ে গত ১৬ বছরে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, অনেকেই গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে গিয়ে প্রায় ১ হাজার ৪শ মানুষ নিহত হয়, হাজারের বেশি মানুষ আহত হন এবং অনেকে চিরতরে দৃষ্টিশক্তি হারান।
জনসভায় জুলাই শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর ২০২৪ সালের জুলাই যোদ্ধারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। তাদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।
নির্বাচনকে অর্থবহ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনে শুধু ভোটাধিকার প্রয়োগ করলেই চলবে না, এই ভোটকে অর্থবহ করতে হবে। গত ১৬ বছরে দেশের নামে একের পর এক মেগা প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, এলাকার প্রকৃত উন্নয়ন হয়নি। তিনি বলেন, যদি উন্নয়ন হতো, তাহলে আজ ঢাকা-১৩ আসনের মানুষের এত সমস্যা থাকত না।
তারেক রহমান দাবি করেন, এসব প্রকল্প মূলত দুর্নীতির জন্য নেওয়া হয়েছে, জনগণের কল্যাণ হয়নি। তাই এই নির্বাচনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করেছে। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে জনগণের কোনো উপকার হয় না। প্রয়োজন হচ্ছে বাস্তব কর্মসূচি, পরিকল্পনা ও সেগুলোর সঠিক বাস্তবায়ন।
বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণের পক্ষে সম্ভব এমন কাজই করা হবে, অসম্ভব প্রতিশ্রুতি দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের উন্নয়ন ও রাজনীতির সঙ্গে যুক্ত না করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
জনসভায় ববি হাজ্জাজের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তারেক রহমান বলেন, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের বাসস্থান সমস্যাসহ নানা সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ। জনগণের সমর্থন ছাড়া কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়। জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, কথা একটাই, কাজ একটাই—সবার আগে বাংলাদেশ।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















