
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও তা মানা হয়নি। এই পরিস্থিতিতে শুরু থেকেই বাংলাদেশের পাশে অবস্থান নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পিসিবি। এতে বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে পাকিস্তানের তীব্র অচলাবস্থা তৈরি হয়। তবে সাম্প্রতিক আলোচনায় সেই অচলাবস্থা নিরসনের আভাস মিলেছে।
এনডিটিভি সূত্রে জানা গেছে, গত রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে। এসব দাবির মাধ্যমে আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় পিসিবি।
পিসিবির দাবিগুলোর মধ্যে রয়েছে—
প্রথমত, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের জন্য বাড়তি ক্ষতিপূরণ প্রদান।
দ্বিতীয়ত, টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও বাংলাদেশের জন্য পূর্ণ অংশগ্রহণ ফি নিশ্চিত করা।
তৃতীয়ত, ভবিষ্যতে বাংলাদেশকে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের অধিকার দেওয়া।
আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য শাস্তিমূলক পরিণতির বিষয়ে সতর্ক করা হলেও পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় ছিল। তবে বোর্ডের ভেতরে এই বিষয়ে ভিন্নমতও রয়েছে বলে জানিয়েছে সূত্র। কিছু পিসিবি কর্মকর্তা ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী হলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি আগের অবস্থানেই আছেন।
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যানের। ওই বৈঠকের পরই ভারতের বিপক্ষে ম্যাচ এবং আইসিসির সঙ্গে অচলাবস্থার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত অবস্থান স্পষ্ট হতে পারে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















