
জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত পাল্টা (রেসিপ্রোকাল) শুল্কসংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
চুক্তির আওতায় দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম, ভোজ্য তেল, জ্বালানি ও তুলা আমদানির পাশাপাশি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে সমঝোতা হবে। একই সঙ্গে অশুল্ক বাধা, নিরাপত্তা ও বাজার প্রবেশ–সংক্রান্ত কিছু বিষয়ও চুক্তিতে অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ঢাকায় বসে আগেই চুক্তিতে সই করেছেন। তার স্বাক্ষর করা কপি বাংলাদেশের প্রতিনিধি দল ওয়াশিংটনে নিয়ে গেছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে সই করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিয়ার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টার স্বাক্ষর করা চুক্তিপত্র হস্তান্তর করবে এবং ইউএসটিআরের সই করা কপি গ্রহণ করবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীন–এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে অবস্থান করছে। দলের অন্য সদস্যরা হলেন—যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার রইছ উদ্দিন খান।
বর্তমানে বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্রে প্রায় ৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, যার সিংহভাগই তৈরি পোশাক। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি প্রায় ২ বিলিয়ন ডলার। এই বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে, যা গত বছরের আগস্ট থেকে কার্যকর রয়েছে।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি ধারাবাহিক রাখতে বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হবে, যা প্রায় ২০ বছরে পরিশোধ করা হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল, তবে সরকার আপাতত ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকার এই চুক্তি সম্পন্ন করছে, যাতে আগামী নির্বাচিত সরকারকে অতিরিক্ত চাপের মুখে পড়তে না হয়।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, শুরুতে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হলেও আলোচনার মাধ্যমে তা ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে তৈরি পোশাক খাতে শুল্ক শূন্যে নামিয়ে আনার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
চুক্তির বিস্তারিত শর্ত ও অন্যান্য তথ্য স্বাক্ষর শেষে জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















