
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হককে পরাজিত করে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
ঘোষিত ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। ফলে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে জয় পান বাতেন।
রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, ঢাকা-১৬ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪৯৯ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন, যা মোট ভোটারের ৪৬ শতাংশ। বাতিল ভোটের সংখ্যা ছিল ৩ হাজার ৭৬৪টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার ৭৯৯।
এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশর হাতপাখা প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৬৭৯ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মো. সুলতান আহম্মেদ সেলিম পেয়েছেন ১ হাজার ৪৬৪ ভোট।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত থাকায় এবার ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮৩ জন—যাদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ২০ জন।
এবারের নির্বাচনে সারাদেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। এছাড়া বিশ্বের ১২৪টি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হয়।
ঢাকা-১৬ আসনের ফলাফলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















