বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ের প্রেক্ষাপটে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
নিজের বার্তায় মোদি বলেন, “বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আমি উষ্ণ অভিনন্দন জানাই।” তিনি আরও উল্লেখ করেন, “এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন।”
ভারতের প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারত তার সমর্থন অব্যাহত রাখবে। পাশাপাশি তিনি দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে বলেন, “আমাদের অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে এবং দুই দেশের মানুষের কল্যাণে কাজ করতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।”
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে অধিকাংশ আসনে ফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে গণনা শেষে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সরকারের সঙ্গে ভারতের সমন্বয় আরও জোরদার হতে পারে বলে তারা মনে করছেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 




















