
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের জনগণকে গণতন্ত্রের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার জন্য শুভেচ্ছা জানান।
বার্তায় দিশানায়েক বলেন, নির্বাচনে বিএনপির বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমান অভিনন্দন পাওয়ার যোগ্য। তিনি উল্লেখ করেন, এই বিজয় মূলত তারেক রহমানের প্রতি জনগণের আস্থারই প্রতিফলন। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবিষ্যতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে পারস্পরিক বোঝাপড়া ও কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সাম্প্রতিক এই শুভেচ্ছা বার্তাকে রাজনৈতিক বিশ্লেষকরা আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগের একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















