
বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বড় এক মোড় নিতে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট নিরঙ্কুশ জয় পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোট গণনায় অসঙ্গতির অভিযোগ তুললেও শনিবার পরাজয় স্বীকার করেছে দেশের বৃহত্তম ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, “গণতান্ত্রিক যাত্রায় জনগণের রায়কে সম্মান জানানোই নেতৃত্বের প্রকৃত পরীক্ষা।” তিনি জানান, তারা সামগ্রিক ফলাফল মেনে নিচ্ছেন এবং আইনের শাসনকে শ্রদ্ধা করবেন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় এবং বিএনপি জোট ২১২টি আসন পায়। জামায়াত নেতৃত্বাধীন জোট পায় ৭৭টি আসন। ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৯ শতাংশ। নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার দাবি করেছেন, এটি “এখন পর্যন্ত সেরা নির্বাচনগুলোর একটি” এবং মাত্র একটি কেন্দ্রে ভোট বাতিল হয়েছে।
এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর, যার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। হাসিনার দল আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারেনি।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, আশা প্রকাশ করেছেন যে নতুন নেতৃত্ব দেশকে স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এগিয়ে নেবে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নির্বাচন নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। ইউরোপীয় ইউনিয়ন একে “বিশ্বাসযোগ্য” বলেছে। একইভাবে International Republican Institute জানিয়েছে, প্রশাসনিকভাবে নির্বাচন সুষ্ঠু হলেও রাজনৈতিক পরিবেশ এখনো সংবেদনশীল।
এদিকে যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও পাকিস্তান বিএনপিকে অভিনন্দন জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ফলাফল শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং দেশের রাজনৈতিক ভারসাম্যে একটি নতুন অধ্যায়ের সূচনা।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















