
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথ। এ উপলক্ষে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এই আমন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-জোট। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। পরে বিকেলে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থিতি নিশ্চিত করে নতুন সরকারের যাত্রা শুরু করার মধ্য দিয়ে কূটনৈতিকভাবে একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















