
সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও এবার সেই রীতি ভাঙা হচ্ছে। প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথ। আগামী মঙ্গলবার বিকেলে এ আয়োজন হবে। একই দিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা শপথ নেবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। পরে বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
জাতীয় সংসদকে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু বিবেচনায় নিয়ে রাজনৈতিক সিদ্ধান্তে এই ভেন্যু নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। দেড় বছর সংসদ কার্যকর না থাকলেও সংসদ ভবন এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়েছে। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনসহ একাধিক কমিশনের কার্যক্রমও সংসদ ভবনকেন্দ্রিক ছিল। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানও দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন নতুন সরকারের শপথে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শুক্রবার রাতে ২৯৭টি আসনের বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে। জাতীয় সংসদ সচিবালয় ইতিমধ্যে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে। সচিব কানিজ মওলা জানিয়েছেন, নির্ধারিত তারিখ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচনে ২৯৭টি ঘোষিত আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৯টিতে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলটির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের অন্যান্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।
২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়ার পর দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। দুই–তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনকে অনেকে গণতান্ত্রিক উত্তরণের প্রতীকী সূচনা হিসেবে দেখছেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















