
রিয়াদ: সৌদি আরবে আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সৌদি সুপ্রিম কোর্ট। আদালতের ঘোষণার পর সারা দেশে রমজানের প্রস্তুতি শুরু হয়েছে এবং মসজিদগুলোতে তারাবীহ নামাজের আয়োজন সম্পন্ন করা হয়েছে।
একই দিনে রোজা শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের আরও দুটি দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতার-এ। দেশগুলোর সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার ভিত্তিতে বুধবারকে রমজানের প্রথম দিন হিসেবে ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, আজ চাঁদ দেখা না যাওয়ায় ওমান বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তান। এশিয়ার আরও কয়েকটি দেশ যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান ও সিঙ্গাপুর-ও বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এ সময়ে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি কোরআন তেলাওয়াত, তারাবীহ নামাজ ও দান-সদকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। মাস শেষে উদযাপিত হয় ঈদুল ফিতর, যা বিশ্বজুড়ে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















