
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশে ‘মব কালচার’ সম্পূর্ণরূপে বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দাবি আদায়ের নামে জনতা জড়ো করে আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে গণতান্ত্রিক কর্মসূচির অধিকার বজায় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক স্বচ্ছতা এবং বাহিনীগুলোর জবাবদিহিতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তার অগ্রাধিকার। কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে এবং কোনো ধরনের অবৈধ তদবির গ্রহণযোগ্য হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপরাধ বা অনিয়মের অভিযোগ উঠলে তাৎক্ষণিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
মব কালচার প্রসঙ্গে তিনি বলেন, দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বা সহিংসতা চলতে দেওয়া হবে না। তবে যৌক্তিক দাবি থাকলে শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের মতো গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে। তিনি জোর দিয়ে বলেন, সরকার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের আস্থাভাজন বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। সাম্প্রতিক সময়ে পুলিশের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের সহযোগিতা নিয়ে নতুন আস্থা তৈরি করতে পারবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এর আগে মন্ত্রণালয়ে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















