
প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এ মাসকে মুনাফা অর্জনের মৌসুম হিসেবে বিবেচনা করা উচিত নয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণে তিনি দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। আত্মসংযম ও নৈতিকতার চর্চাই এ মাসের মূল শিক্ষা। তিনি উল্লেখ করেন, অনেকের মধ্যে রমজানকে ঘিরে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা দেখা যায়, যা এই মাসের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তাই ব্যবসায়ীদের প্রতি তার আহ্বান, তারা যেন রমজানের মর্যাদা অক্ষুণ্ন রাখেন এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। অনাচার ও অনিয়মের সঙ্গে জড়িত যেকোনো সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর। বাজারে কারসাজি বা কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বাড়ানোর চেষ্টা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, ছোট-বড় সব ব্যবসায়ীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাজার নিয়ন্ত্রণে কী ধরনের উদ্যোগ কার্যকর হতে পারে, সে বিষয়ে ব্যবসায়ী সমাজের পরামর্শ ও অভিযোগ গ্রহণে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
রমজান মাসে রোজাদারদের সুবিধার বিষয়টিও ভাষণে গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী জানান, ইফতার, তারাবিহ ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অপচয় রোধ ও কৃচ্ছতা সাধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ ও পানি ব্যবহার থেকে বিরত থাকাও দায়িত্বশীল নাগরিকের কর্তব্য।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















