
ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর অবশেষে বাসায় ফিরেছেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মাথায় জটিল এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর টানা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকেরা বৃহস্পতিবার তাঁকে ছাড়পত্র দেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তিনি বাসায় ফেরেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, “তানিয়া এখন বাসায় আছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। এই মুহূর্তে তাঁর জন্য মানসিক ও শারীরিক প্রশান্তি অত্যন্ত জরুরি।”
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সম্ভাব্য জটিলতা এড়াতে চিকিৎসকেরা তাঁকে তিন দিন নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের চমকে দেন তানিয়া বৃষ্টি। হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, পরদিন তাঁর মাথায় বড় ধরনের অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চেয়েছিলেন। তাঁর সেই পোস্টের পর সহকর্মী, নির্মাতা ও অসংখ্য ভক্ত সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠান।
বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোনো শুটিং বা নতুন কাজের সঙ্গে যুক্ত হবেন না। এ সময় পেশাগত প্রয়োজনে যোগাযোগ না করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সবকিছু ঠিক থাকলে এবং শারীরিক সক্ষমতা ফিরে পেলে বিশ্রাম শেষে আবারও ক্যামেরার সামনে ফিরবেন এই দর্শকপ্রিয় অভিনেত্রী।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















