
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রস্তুতি শুরু করেছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশের সর্ববৃহৎ যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু সরেজমিনে পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
পরিদর্শনকালে মন্ত্রী পদ্মা সেতুর টোল বুথ ও সংশ্লিষ্ট অবকাঠামো ঘুরে দেখেন। তিনি বলেন, সড়কপথে যাতায়াত যাতে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিময় হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
মন্ত্রী নির্দেশনার পরিপ্রেক্ষিতে সেতু বিভাগের সচিব রমজানের শুরু থেকে ঈদের পরবর্তী ১৫ দিনসহ মোট ৪৫ দিনের একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশ দেন। পদ্মা সেতুতে যানবাহনের অতিরিক্ত চাপ মোকাবিলায় সব টোল লেন সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত জনবল মোতায়েন এবং টোল আদায়ে শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি লেন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে টোল আদায় দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং যানজটের সম্ভাবনা কমে। দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক রেকার, ফায়ার ভেহিক্যাল ও জরুরি সেবা যান প্রস্তুত রাখা, ফায়ার সেফটি জোরদার এবং সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রাখার কথাও বলা হয়েছে। স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনকালে মাওয়া প্রান্তে নির্মাণাধীন বাস-বে ঈদের আগেই সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। এতে যাত্রী ওঠানামা সুশৃঙ্খল হবে এবং মূল সড়কে যানজট কমবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি পদ্মা সেতু সংলগ্ন সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যান চলাচলে প্রতিবন্ধকতা না থাকে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে।
পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী মন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। এ সময় সংস্থাটির পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউসসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















