
পবিত্র রমজান মাসের প্রথম দিন রাজধানীতে এক অনাড়ম্বর আয়োজনে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিণী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারা রাজধানীর পশ্চিম ভাষানটেক এলাকায় একটি মাদ্রাসায় গিয়ে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং ইফতারে অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারের আগে জুবাইদা রহমান ও জাইমা রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনা ও আবাসিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। উপস্থিত শিক্ষার্থীদের জন্য দোয়া কামনাও করা হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। তার নির্বাচনী এলাকার কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকায় অবস্থিত ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রমজান মাসজুড়ে ইফতার, রাতের খাবার এবং সেহরির ব্যবস্থা করবে স্থানীয় বিএনপি। দলীয় সূত্র বলছে, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর রমজানের প্রথম দিনে এতিম ও উলামা-মাশায়েখদের নিয়ে ইফতার আয়োজন করতেন খালেদা জিয়া এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা। তবে এবার আনুষ্ঠানিক বড় কোনো ইফতার আয়োজন হয়নি। তার পরিবর্তে অপেক্ষাকৃত ছোট পরিসরে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো এবং সরাসরি তাদের পাশে থাকার উদ্যোগ দেখা গেছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















