
রমজান মাসে নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সকল পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সরকারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রমও চলছে বলে জানান তিনি।
সালাউদ্দিন টুকু বলেন, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ২৫টি স্থানে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম জেলা পর্যায়েও সম্প্রসারণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
রমজানে নিত্যপণ্যের বাড়তি চাহিদা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কোথাও কোনো সংকট নেই। দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ ছাড়া টাঙ্গাইলে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং দমনে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। নিরাপদ টাঙ্গাইল গড়তে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তারা। এর আগে টাঙ্গাইলে পৌঁছালে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















