
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, সংসদে তারা ৭৯ জন সদস্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন এবং বাকি ২১২ জন সংসদ সদস্যকে ‘তীরের মতো সোজা’ রাখার চেষ্টা করবেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরের ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কেউ অনিয়ম করলে তা সংসদের ভেতরে হোক বা বাইরে, তারা প্রতিরোধ গড়ে তুলবেন।
নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গে তিনি বলেন, তিনি শুধু ১ লাখ ৮৩ হাজার ভোট পাওয়া মানুষের নন, বরং প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের প্রতিনিধি। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার এমপি হিসেবে দায়িত্ব পালন করতে চান বলেও জানান তিনি। চাঁদাবাজির বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, নিজের দলের কেউ করলেও তা অন্যায়ের শামিল। “ঘুষ ঘুষই”— এমন মন্তব্য করে তিনি অনিয়ম বরদাস্ত না করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংসদীয় দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, আগে সব নিয়ম জানা না থাকলেও এখন সংবিধান, কার্যপ্রণালী ও মন্ত্রণালয়ের কাজ সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে ধারণা নিচ্ছেন। সরকারি ও বিরোধী দলের এমপিদের জন্য বরাদ্দ সমান বলে উল্লেখ করে তিনি জানান, নিজের গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান।
তাফসির মাহফিল আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব অনেক বেশি, ফলে আগের মতো নিয়মিত মাহফিল করা সম্ভব হবে না। তিনি সাবেক এমপি মমতাজ–এর প্রসঙ্গ টেনে সংসদীয় কাজের চাপের কথা উল্লেখ করেন।
কুষ্টিয়ার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে আমির হামজা বলেন, জেলার গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট বিষয়গুলো নোট করে সবার পরামর্শ নিয়ে কাজ করবেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অনিয়মের সমালোচনা করে তিনি দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রয়োজনে দলমত নির্বিশেষে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সংসদের প্রতিটি মিনিট পরিচালনায় বিপুল অর্থ ব্যয় হয়, যা জনগণের টাকায় আসে। তাই সংসদে সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তিনি সচেষ্ট থাকবেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















