
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক এ শহীদ মিনার প্রাঙ্গণে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশ আমাদের অহংকার ও চেতনার প্রতীক। দেশে ও প্রবাসে বাংলা ভাষার গুরুত্ব অনুধাবন না করলে প্রকৃত দেশপ্রেম জাগ্রত হয় না, আর দেশপ্রেম ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, প্রবাসে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির মাহাত্ম্য তুলে ধরা এখন সময়ের দাবি। তা না হলে একসময় সুদূর প্রবাসে বাংলা ভাষায় কথা বলার মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে। বিলেতে তরুণদের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে পর্যাপ্ত বাজেট ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্থানীয় কাউন্সিল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছিরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই একুশের তাৎপর্য নিয়ে আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে বক্তব্য দেন সাবেক স্পিকার আহবাব হোসেন, জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভির আহমদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের সহ-সম্পাদক এস কে এম আশরাফুল হুদা এবং কোষাধ্যক্ষ মির্জা আবুল কাসেম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী সাধারণ সম্পাদক আসমা মতিন, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, দিলু চৌধুরী, জামাল আহমদ খান, নাহিদ জায়গীরদার, ইউকেবিডিটিভির চেয়ারম্যান আব্দুল মোমিন এবং বাংলা সংলাপ ও জে টাইমস টিভির রিপোর্টার ইমরান তালুকদার প্রমুখ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনার ফাঁকে ফাঁকে প্রাণবন্ত কবিতা আবৃত্তি করেন সিনিয়র সহ-সভাপতি কবি ইমদাদুন খানম, সহকারী সাধারণ সম্পাদক কবি আসমা মতিন, সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক কবি জান্নাতুল ফেরদৌস ডলি এবং সদস্য দিপা হক।
পরিশেষে সমবেত কণ্ঠে একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। একুশের চেতনা ধারণ করে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার অঙ্গীকারই ছিল পুরো আয়োজনের মূল সুর।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















