
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিষয়টি তাদের নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত রয়েছে। তাই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, একটি শক্তিশালী ও নিরপেক্ষ কমিশন গঠন করে সব দিক খতিয়ে দেখা হবে।
পুলিশ প্রশাসন নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চেইন অব কমান্ড বজায় রাখা জরুরি। নির্বাচনের আগে দেশে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে অনেক ক্ষেত্রে কর্মকর্তাদের যোগ্যতা ও সার্ভিস রেকর্ড যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তিনি বলেন, এ ধরনের প্রক্রিয়া স্বচ্ছ ছিল কি না, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গত পাঁচ আগস্ট দায়ের হওয়া কিছু মামলায় সুবিধাবাদী গোষ্ঠী সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যে জড়িয়েছে—এমন অভিযোগ এসেছে। এসব মামলা পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না। তবে একই সঙ্গে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। রাজনৈতিক কারণে বিধির বাইরে পুলিশ সুপাররা কাউকে প্রোটোকল না দেন, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















