
সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর পদে রদবদল হয়েছে। ড.আহসান এইচ মনসুর–কে সরিয়ে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে পরিবর্তন আসবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া। তার ভাষায়, “অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।”
গভর্নর পদে এত দ্রুত পরিবর্তনের পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে অর্থমন্ত্রী বলেন, এর পেছনে আলাদা কোনো কারণ নেই এবং ভবিষ্যতেও বিভিন্ন জায়গায় পরিবর্তন আসবে।
অর্থ খাতে এই রদবদলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী ভূমিকা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার মতো স্পর্শকাতর ইস্যুতে নতুন গভর্নরের পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন আগ্রহ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন সরকারের আর্থিক নীতির অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটতে পারে এই নিয়োগের মাধ্যমে। তবে অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন, এটি সরকারের স্বাভাবিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















