
বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ আরও বাড়াতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন–এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার পাশাপাশি নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আঞ্চলিক ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং অবকাঠামোসহ বিভিন্ন বড় প্রকল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। ভবিষ্যতে এই বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হওয়ায় চীনা বিনিয়োগের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ১০ হাজার চীনা নাগরিক কর্মরত আছেন। উন্নয়ন ও নিরাপত্তা একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা জোরদার ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তিনি আরও জানান, চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিতব্য “ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স কমব্যাটিং টেলিকম অ্যান্ড সাইবার ফ্রড” জোটে বাংলাদেশের যোগদানের প্রস্তাব যথাযথ প্রক্রিয়ায় বিবেচনা করা হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষণ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকের মেয়াদ ২০২৩ সালে শেষ হওয়ায় তা পুনর্বিবেচনার নির্দেশ দেন তিনি।
আলোচনায় সাইবার অপরাধ দমন, পুলিশ প্রশিক্ষণ, নিরাপত্তা সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং চীনের জননিরাপত্তা মন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে তাকে চীন সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















