
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছেন। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ ও বিদেশে মার্কিন ঘাঁটিগুলোকে হুমকির মুখে ফেলতে পারে এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে।
ইরান দ্রুত এসব অভিযোগ প্রত্যাখ্যান করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব বক্তব্যকে “বড় মিথ্যা” বলে উল্লেখ করেন। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র যে চিত্র তুলে ধরছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, তেহরান চাইলে ২০৩৫ সালের মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। তবে সেখানে স্পষ্ট করে বলা হয়নি যে ইরান ইতোমধ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র ভাণ্ডার মূলত স্বল্প ও মাঝারি পাল্লার, যার সর্বোচ্চ পাল্লা প্রায় ৩ হাজার কিলোমিটার। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ইরানের পশ্চিম সীমান্ত থেকে ৯ হাজার কিলোমিটারেরও বেশি দূরে।
ভাষণে ট্রাম্প কূটনীতিকে সর্বোত্তম সমাধান হিসেবে উল্লেখ করলেও একইসঙ্গে জোর দিয়ে বলেন, তিনি কখনও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবেন না। এই দ্বৈত বার্তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
অনেক বিশেষজ্ঞের মতে, ট্রাম্পের বক্তব্যের লক্ষ্য হতে পারে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পক্ষে অভ্যন্তরীণ সমর্থন জোগাড় করা। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে সরাসরি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে তুলে ধরা জনমত প্রভাবিত করার কৌশল হতে পারে বলে তারা মনে করছেন। অন্যদিকে কিছু পর্যবেক্ষক বলছেন, ওয়াশিংটন হয়তো তেহরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনায় বসতে চাপ দিতে চাইছে, যদিও ইরান বারবার বলেছে তাদের আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ থাকবে।
সব মিলিয়ে, এই বাকযুদ্ধ কেবল কূটনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকবে নাকি তা বৃহত্তর কৌশলগত পদক্ষেপের পূর্বাভাস দিচ্ছে, সেটাই এখন আন্তর্জাতিক অঙ্গনের প্রধান প্রশ্ন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















