
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন।
বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী—
- অভিনয়: ফরিদা আক্তার ববিতা
- চারুকলা: অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার
- স্থাপত্য: মেরিনা তাবাসসুম
- সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু
- নৃত্য: অর্থী আহমেদ
- পালাগান: ইসলাম উদ্দিন পালাকার
- সাংবাদিকতা: শফিক রেহমান
- শিক্ষা: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার
- ভাস্কর্য: তেজস হালদার জস
এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে একুশে পদক-২০২৬-এ ভূষিত করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশের ভাষাসৈনিক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশের জাতীয় পর্যায়ের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















