
জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলের আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, মন্ত্রী সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
আখতার হোসেন তার পোস্টে বলেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে।
দলটির নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি সুযোগ। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি ও নাগরিক সমাজের ব্যক্তিরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে চায়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















