
পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবারে ব্যাপক উপস্থিতিতে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সব ধরনের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিধিনিষেধের মধ্যেও প্রায় এক লাখ মানুষ জড়ো হন জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দখলদার ইসরায়েল বাহিনী শহরের বিভিন্ন প্রবেশপথে তল্লাশি ও চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছিল। বিশেষ করে পশ্চিম তীর থেকে আগত অনেক ফিলিস্তিনিকে প্রবেশে বাধার মুখে পড়তে হয়। তবু সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে মসজিদ প্রাঙ্গণে।
রমজান মাসে আল-আকসায় জুমার নামাজ আদায় মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিবছরই এই সময়টিতে উপস্থিতি বাড়ে, তবে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের সমাগমকে অনেকেই প্রতীকী গুরুত্ব দিচ্ছেন।
নামাজ শেষে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে প্রাঙ্গণ ত্যাগ করেন বলে জানা গেছে। যদিও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে, তবু ব্যাপক উপস্থিতি ফিলিস্তিনি জনগণের ধর্মীয় অনুরাগ ও স্থিতধী মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















