
বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট। সোমবার (২ মার্চ) প্রকাশিত এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ওমানি কর্তৃপক্ষ এবং দূতাবাসের জারি করা সব নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপ্রয়োজনীয় বিড়ম্বনা এড়াতে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও সময়সূচি নিশ্চিত করে নেওয়া উচিত। চলমান পরিস্থিতিতে ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
ওমানি কর্তৃপক্ষ দেশটির নাগরিক ও বাসিন্দাদের সামরিক স্থাপনা বা নিরাপত্তা সরঞ্জামের ছবি তোলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে গুজব না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে শুধুমাত্র সরকারি বা অফিসিয়াল সূত্র থেকে তথ্য সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সহায়তার জন্য +৯৬৮ ৯১৯৮০৬২১ এবং +৯৬৮ ৯১৯৯৭৮৫২ নম্বরে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দূতাবাস প্রবাসীদের দায়িত্বশীল আচরণ, আইন মেনে চলা এবং পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















