
বাংলাদেশ সহ বিশ্বের নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, সিদ্ধান্তটি ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন এবং করদাতাদের অর্থের ওপর নির্ভরশীল হন—তাদের ক্ষেত্রেই এই নতুন নীতিমালা প্রযোজ্য হবে।
মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে, এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। ভিজিটর ভিসা (পর্যটন বা স্বল্পমেয়াদি ভ্রমণ ভিসা) আবেদনকারীদের জন্য আগের নিয়মই বহাল থাকবে। ফলে যারা ভ্রমণ, ব্যবসা বা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের ভিসা প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসছে না।
ভিসা প্রদান স্থগিত হলেও আবেদন গ্রহণ ও সাক্ষাৎকার নির্ধারণ প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আবেদনকারীরা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন এবং দূতাবাসগুলোতে সময় নির্ধারণ (শিডিউলিং) কার্যক্রমও অব্যাহত থাকবে।
মার্কিন প্রশাসনের ব্যাখ্যায় বলা হয়েছে, অভিবাসীদের মাধ্যমে সরকারি ব্যয়ের চাপ ও অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে করদাতাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা কমানো।
এ সিদ্ধান্তে বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, ভিজিটর ভিসা বহাল থাকায় স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের জন্য আপাতত স্বস্তির খবর রয়েছে। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি ও বিস্তারিত নির্দেশনার জন্য আবেদনকারীদের দূতাবাসের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো তথ্যের জন্য এই লিংকে দেখুনঃ https://shorturl.at/dFXZp
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















