
মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে এই বৃষ্টি গত কয়েকদিনের অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে নগরবাসীর মাঝে। বৃষ্টির পরিমাণও ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। বাতাসে ছিল ঘোলাটে ভাব। বেলা বাড়লেও রোদ খুব একটা দেখা যায়নি। বিকেল ৩টার পর শুরু হয় বৃষ্টি, যা কোথাও কোথাও ঝুম বৃষ্টিতে রূপ নেয়। অফিস ছুটির সময় হঠাৎ বৃষ্টিতে অনেককে ভোগান্তিতে পড়তে হলেও গরম থেকে সাময়িক মুক্তি মিলেছে বলে জানান নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে শ্রীমঙ্গল ও পটুয়াখালী-তেও সামান্য বৃষ্টিপাত হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
চলতি মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি এবং ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, মার্চের শুরুতেই বৃষ্টির এই প্রবণতা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















