
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ। সোমবার (২ মার্চ) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে দেশটিতে বসবাসকারী ও অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের শান্ত থাকার আহ্বান জানিয়ে গুজব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়, সৌদি আরবের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং চলমান পরিস্থিতি সম্পর্কিত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোনো ধরনের সংবাদ প্রচার বা অনলাইন আলোচনায় জড়ানো থেকেও বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার কথা বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক উইংয়ের জন্য ৮০০১০০০১২৪, শ্রম কল্যাণ উইংয়ের জন্য ৮০০১০০০১২৫ এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবার জন্য ৮০০১০০০১২৬ নম্বরে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দূতাবাস সংশ্লিষ্ট সবাইকে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















