
তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি তাদের বার্ষিক ‘বছরের সেরা ছবি’ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। সংস্থাটির মহাপরিচালক সেরদার কারাগোজ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশ করেন। তিনি জানান, এ বছরের প্রতিযোগিতায় মোট ২২ লাখ ৫৭ হাজার ৭০৮টি ভোট পড়েছে, যা প্রতিযোগিতাটির বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও আগ্রহের প্রতিফলন।
২০২৫ সালে আনাদোলু এজেন্সির আলোকচিত্রী ও সংবাদদাতাদের তোলা ১১২টি ছবি ছয়টি বিভাগে মনোনয়ন পায়। ছবিগুলো তুরস্কসহ বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, মানবিক, ক্রীড়া ও পরিবেশগত ঘটনাকে সামনে নিয়ে আসে।
“গাজা: ক্ষুধা” বিভাগে বিজয়ী হয়েছেন আলী জাদাল্লাহ। তার ছবিতে গাজায় খাদ্য সংকটে ভোগা ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ বিতরণের হৃদয়স্পর্শী দৃশ্য ধরা পড়ে। মানবিক বিপর্যয়ের বাস্তব চিত্র ফুটে ওঠায় ছবিটি ব্যাপক সাড়া ফেলে।
“প্রতিকৃতি” বিভাগে দিলারা ইরেম সানকারের “এ ফ্রেম অফ ওয়াটার” শিরোনামের ছবি সেরা নির্বাচিত হয়। “সংবাদ” বিভাগে মুস্তাফা হাতিপোগলুর “ওপেনার অফ দ্য স্কাই” শিরোনামের ছবি বিজয়ী হয়, যা চলতি বছরের একটি তাৎপর্যপূর্ণ ঘটনাকে শক্তিশালী ভিজ্যুয়াল ভাষায় উপস্থাপন করে।
ক্রীড়া বিভাগে এসরা বিলগিনের “আলপেরেন” শিরোনামের ছবি শীর্ষস্থান অর্জন করে। প্রকৃতি ও পরিবেশ বিভাগে বারকান চেতিনের “প্রথমবারের মতো” এবং দৈনন্দিন জীবন বিভাগে ওমের তাহা চেতিনের “চাঁদের যাত্রা” শিরোনামের ছবি সেরা নির্বাচিত হয়।
প্রতিযোগিতাটি স্পনসর করেছে লাইফবক্স ক্লাউড স্টোরেজ সেবা। এছাড়া তুরস্কের জাতীয় বিমান সংস্থা Turkish Airlines এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান Roketsan এতে অংশ নেয়।
বিশ্লেষকদের মতে, আনাদোলু এজেন্সির এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং বছরজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর দলিল। ছবিগুলো একদিকে যেমন সংবাদকে দৃশ্যমান করে, অন্যদিকে ইতিহাসের একটি সময়কে স্থিরচিত্রে সংরক্ষণ করে রাখে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















