
ওমানের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর দুকম বন্দর-এ জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওমান নিউজ এজেন্সির বরাতে মঙ্গলবার সকালে এক নিরাপত্তা সূত্র জানায়, দুকম বাণিজ্যিক বন্দরের একটি জ্বালানি ট্যাঙ্ক কয়েকটি ড্রোন দ্বারা লক্ষ্যবস্তু হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন সরাসরি ট্যাঙ্কে আঘাত হানে।
সূত্রটি আরও জানায়, দ্রুত পদক্ষেপের ফলে আগুন ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে জ্বালানি অবকাঠামোর ওপর এই হামলা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।
উল্লেখ্য, বন্দরে বোমা বিস্ফোরণে এক শ্রমিক আহত হওয়ার মাত্র দুই দিন পর এই ড্রোন হামলা হলো। তেহরান উপসাগরীয় এলাকায় হামলা শুরু করার পর থেকে এটি ওমান সালতানাতের ভূখণ্ডে প্রথম আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে এতদিন তুলনামূলকভাবে সংঘাতের বাইরে থাকা ওমানও এখন সরাসরি ঝুঁকির মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, দুকম বন্দর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি আরব সাগরের তীরে অবস্থিত এবং আঞ্চলিক জ্বালানি পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত। জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো ইঙ্গিত দিচ্ছে যে সামরিক উত্তেজনা এখন জ্বালানি অবকাঠামোতেও ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে বলে জানা গেছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















