
ইরানে সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে জনমত ক্রমেই বিভক্ত হয়ে উঠছে। মার্কিন সংবাদমাধ্যম CNN পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ আমেরিকান ইরানে হামলার বিরোধিতা করেন, যেখানে ৪১ শতাংশ এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।
জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সংকট ব্যবস্থাপনা নিয়েও বড় ধরনের আস্থাহীনতার ইঙ্গিত পাওয়া গেছে। ৬০ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরান সংকট মোকাবিলায় তার সুস্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে। একই সঙ্গে ৬২ শতাংশ বলেছেন, আরও কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত।
ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়েও জনমত নেতিবাচক। ৫৬ শতাংশ এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করেছেন, আর ৪৪ শতাংশ সমর্থন জানিয়েছেন। স্থল সেনা পাঠানোর প্রশ্নে সমর্থন আরও কম। মাত্র ১২ শতাংশ এই বিকল্পের পক্ষে, ৬০ শতাংশ বিপক্ষে এবং ২৮ শতাংশ সিদ্ধান্তহীন রয়েছেন।
এদিকে রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক তীব্র হয়েছে। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট সংবিধানিক প্রক্রিয়া উপেক্ষা করেছেন। তার মতে, কূটনৈতিক পথ পরিহার করে সামরিক পদক্ষেপ নেওয়ায় মার্কিন বাহিনী এখন ইরানের প্রতিশোধের ঝুঁকিতে পড়েছে।
সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, ইরানের আঞ্চলিক কর্মকাণ্ড মোকাবিলায় শক্তি, আঞ্চলিক সমন্বয় ও কৌশলগত স্পষ্টতা দরকার। তিনি ইঙ্গিত দেন, অস্থির বা অনিয়মিত নীতি দীর্ঘমেয়াদে কার্যকর কৌশল হতে পারে না।
সব মিলিয়ে জরিপের ফলাফল দেখাচ্ছে, ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রে জনমত ও রাজনৈতিক অবস্থান দুটোই চ্যালেঞ্জের মুখে। সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে অভ্যন্তরীণ চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















